শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়

ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী

Anas · ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ রাত

ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের রাষ্ট্রে সমান অধিকার রয়েছে। কোনো বৈষম্য ছাড়াই সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, হাজার বছর ধরে এ ভূখণ্ডের মানুষ পরস্পরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে আসছে। উৎসব সব ভেদরেখা ও বিভাজন দূর করে মানুষকে একত্র করে এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়।

তিনি বলেন, নানা সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে একই ভূখণ্ডে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন। একে অপরের উৎসবে অংশ নিয়েছেন। রমনা কালীমন্দিরের দুর্গাপূজার আয়োজনেও অন্য ধর্মের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ জন্য পূজা উদযাপন কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

রিজভী বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার অনেকেই পছন্দ করে না। এ কারণে দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি গত এক মাস ধরে সারা দেশে দলের নেতা-কর্মীদের প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য দলের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।

সরকারের নিরাপত্তাব্যবস্থার কথা উল্লেখ করে রিজভী বলেন, এবার দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ ১২ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছে। আগের উৎসবগুলোর তুলনায় এবার এ সংখ্যা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রতিটি পূজামণ্ডপে সতর্ক দৃষ্টি রাখছেন। দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উৎসব সফল করতে কাজ করছেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়েছেন। ফলে এবার পাঁচদিন ছুটি ভোগ করতে পারছেন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতিটি মন্দিরের জন্য চাল বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে প্রতিটি মন্দির সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আট হাজার টাকা বরাদ্দ পাবে। হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এ ছাড়া পুরোহিত ও সেবায়তদের উৎসব ভাতার সঙ্গে আরও তিন হাজার টাকা যুক্ত করা হচ্ছে।

রিজভী বলেন, ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু এ দেশের মানুষ হিসেবে সবাই রাষ্ট্রের নাগরিক। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্ভুক্তিমূলক এই চিন্তা নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপি কাজ করছে।

বক্তব্যের শেষে দুর্গাপূজার সাফল্য কামনা করে বিএনপির এই নেতা বলেন, সবাই যেন পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দমুখর পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন। অন্য ধর্মের মানুষও এ আনন্দে শামিল হয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।