শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ধর্ম

ছবি তোলা কি জায়েজ? জানুন ইসলামের বিধান

ছবি তোলা কি জায়েজ? জানুন ইসলামের বিধান

বর্তমানে ছবি তোলা দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। স্মৃতি ধরে রাখা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ—নানা প্রয়োজনে মানুষ ছবি তোলেন। তবে প্রাণীর ছবি তোলা ও ব্যবহারের বিষয়ে ইসলামের বিধান কী? ডিজিটাল ছবি, প্রিন্ট করা ছবি এবং আইনগত প্রয়োজনে ছবি ব্যবহারের ক্ষেত্রে শরিয়তের নির্দেশনা কী, তা জানিয়েছেন মুফতি ইসহাক মাহমুদ।

তিনি জানান, অপ্রয়োজনীয় ছবি তোলা নাজায়েজ। হাদিসে ব্যাপকভাবে প্রাণীর ছবি তৈরি ও নির্মাণ করতে নিষেধ করা হয়েছে।

সহিহ বুখারিতে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি—

إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ

অর্থ: ‘কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে ছবি নির্মাতারা’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৫০)

হাদিসের বিভিন্ন গ্রন্থে ছবি তৈরি ও নির্মাণের শাস্তি সম্পর্কে এ ধরনের আরও অনেক বর্ণনা রয়েছে। একইভাবে প্রাণীর ছবি ব্যবহার করতেও হাদিসে নিষেধ করা হয়েছে, তা সম্মানের সঙ্গে ব্যবহার করা হোক বা না হোক।

সহিহ বুখারির আরেকটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকাকালে আয়েশা (রা.) তার ঘরে ছবিযুক্ত একটি পর্দা ঝুলিয়েছিলেন। সফর থেকে ফিরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি ছিঁড়ে ফেলেন এবং ছবি সম্পর্কে কঠোর শাস্তির কথা জানান।

—সহিহ বুখারি, হাদিস: ৫৯৫৪

এসব হাদিস ও আছারের ব্যাপকতার আলোকে ইমাম নববি, ইবনে হাজার আসকালানি, বদরুদ্দিন আইনি ও মোল্লা আলী আলকারীসহ বিশিষ্ট মুহাদ্দিসরা বলেছেন, প্রাণীর ছবি তৈরি ও ব্যবহার নাজায়েজ ও হারাম। তবে ছবিকে সম্মান করা হলে এর ভয়াবহতা আরও বেড়ে যায় এবং তা শিরকতুল্য গুনাহের পর্যায়ে যেতে পারে।

ডিজিটাল ছবি তোলার বিধান

ডিজিটাল ছবি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত কি না, এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। তবে অনেক আলেমের দৃষ্টিতে ডিজিটাল ছবিও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। অন্যদিকে, প্রিন্ট করা ও ছাপানো ছবি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে আরব ও অনারব বিশ্বের প্রায় সব নির্ভরযোগ্য আলেম একমত বলে উল্লেখ করা হয়েছে।

তবে পাসপোর্ট, পরিচয়পত্রসহ (আইডি কার্ড) আইনগত প্রয়োজনে প্রিন্ট করা ছবি ব্যবহার করা জায়েজ।

সুতরাং, ডিজিটাল ছবির বিষয়ে আলেমদের মতভেদ থাকলেও সতর্কতা অবলম্বন করা জরুরি।

  • শরহুন নববি, ১৪/৮১
  • উমদাতুল কারি, ২২/৭০
  • রদ্দুল মুহতার, ১/৬৪৭
  • মিরকাতুল মাফাতীহ, ৮/৩২৩
  • আলবাহরুর রায়েক, ২/২৭

তথ্য সূত্র: মুসলিম বাংলা