শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বকাপজয়ীরা।

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে উরুগুয়ে ও কোস্টা রিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপজয়ীরা।

এই প্রীতি ম্যাচগুলো দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে লিওনেল মেসি-পরবর্তী যুগ শুরু হতে যাচ্ছে। ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানেন। মনুমেন্তাল স্টেডিয়ামে সেদিন এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শুক্রবার জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এর খবর অনুযায়ী, ম্যাচটি হবে লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

আর কর্দোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচটি হবে ১৭ নভেম্বর। চলতি মাসে এখানে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।